হবিগঞ্জে জারি করা ১৪৪ ধারার মধ্যে এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পর এ ঘটনা ঘটে।
এনসিপির বহরে দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতুসহ শীর্ষ নেতারা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০টি মাইক্রোবাসের বহরটি চা-কন্যা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে এনসিপির নেতারা গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকায় সেখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। অন্যদিকে এনসিপি নেতারা তাদের কর্মসূচিতে অংশ নিতে বাধা তুলে নেওয়ার দাবি জানান।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ করে এনসিপি। ওই ঘটনায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয় বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনার পর বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
