দেশের চলমান গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার রাজধানীতে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনারে অগ্নিকাণ্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হয়েছে। এর ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামতের কাজ চলছে। তবে মেরামত শেষ না হওয়া পর্যন্ত এলএনজি কার্গো খালাস সম্ভব হবে না। তাই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কমে গেছে। একই সঙ্গে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র পরিচালনাতেও সমস্যা দেখা দিচ্ছে, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদনের ওপরও পড়তে পারে।
সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।
ন্যাশনিক্স/এলকে
