রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়াল ধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত একজন।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহত রাজিয়া বেগম (৫৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই দেলোয়ার হোসেন জানান, টিসিবির পণ্য কেনার উদ্দেশ্যে ওই পথ দিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়ালের পাশেই টিসিবির পণ্য বিতরণের জন্য কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার কারণ এবং দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
ন্যাশনিক্স/এলকে
