রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় বিকট শব্দ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, এটি কোনো বোমা হামলার ঘটনা নয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ছাতার ভেতরে লুকানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়।
খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ সময়ই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় কেউ হতাহত হননি।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, বস্তুটি সময়মতো উদ্ধার না হলে এবং কেউ ছাতা ভেবে সেটি সরানোর চেষ্টা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
সিটিটিসির এক কর্মকর্তা জানান, উদ্ধার করা বস্তুটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল এবং এতে শক্তিশালী বিস্ফোরক ছিল। ঘটনার পর আশপাশের এলাকায় আরও কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
