ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ‘ওলবাকিয়া’ প্রযুক্তি সম্পর্কে জানার জন্য সরকারের চার কর্মকর্তা ব্রাজিল সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রামের আয়োজনে ২৮ থেকে ৩০ জুলাই তিন দিনের ‘লার্নিং এক্সচেঞ্জ’ কর্মসূচিতে তারা অংশ নেবেন।
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের যুগ্মসচিব মো. রেজাউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ, স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ শাখার সিনিয়র সহকারী সচিব তানিয়া মুন এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুর রহমান।
কর্মসূচির অংশ হিসেবে তারা ব্রাজিলের কুরিটিবা ও ফোজ দো ইগুয়াসু শহর পরিদর্শন করবেন এবং ওলবাকিয়া প্রযুক্তির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।
সরকারি আদেশে বলা হয়েছে, সফর, ভ্রমণ ও ট্রানজিটের পুরো সময় সরকারি কর্মকাল হিসেবে গণ্য হবে। সফরের সব ব্যয়ভার বহন করবে ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রাম।
এ ছাড়া সফর শেষে দেশে ফিরে সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
