রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে সময় লাগলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
খবরে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। এছাড়া বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি তার অধস্তন কর্মকর্তাদের শিগগিরই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।
বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা চললেও সরকারি কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ন্যাশনিক্স/এলকে
