পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করার অভিযোগে মামলার বাদী আকলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার স্বামী আলমগীর হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে আকলিমা বেগম স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
পরবর্তীতে সন্তানের খোঁজ নিতে আলমগীর হোসেন সেখানে গেলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে করা আরেকটি মামলায় আদালত অভিযোগের বিষয়ে শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।
আদালতে মিথ্যা অভিযোগের মাধ্যমে হয়রানির অভিযোগ উত্থাপনের পর সংশ্লিষ্ট আইনে আকলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আকলিমা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ন্যাশনিক্স/এলকে
