সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীকে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর এ নিয়ে বিভিন্ন ধরনের দাবি সামনে আসে।
এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে হয়েছে বলে তাদের জানানো হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এসেছে, সেটি তারা খতিয়ে দেখছেন।
ভিডিওটি প্রকাশের পর প্রথমদিকে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও, পরবর্তীতে একাধিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান তাদের অনুসন্ধানে জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। একই সঙ্গে তারা উল্লেখ করেছে, ভিডিওতে থাকা টাইমস্ট্যাম্প অনুযায়ী এটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়ে থাকতে পারে। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেলা জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দ্বিতীয় বিয়ের বিষয়টি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেনি।
সূত্র: কালের কন্ঠ
