‘২ কোটি টাকা চাঁদা চাই’, না পেয়ে অফিসে সশস্ত্র হামলা ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

অবশ্যই পরুন

চট্টগ্রাম নগরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে একজন ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রতিষ্ঠানটির পরিচালক রিদোয়ানুল কবির বলেন, ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি অফিসে ঢুকে কম্পিউটার, আসবাবপত্র ও কর্মীদের ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করেন। এ সময় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল অস্ত্রধারী ব্যক্তি অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে।

পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলায় জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ঘটনার পর এলাকায় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ