ঢাকা, ২ জুলাই: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) ঘোষিত রায়কে ‘প্রহসনমূলক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যে আদালতের ভিত্তিই অবৈধ, বিচারক নিয়োগের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ এবং যেখানে আইনগত স্বচ্ছতা নেই, সেখানে ঘোষিত রায়কে প্রকৃত বিচার বলা যায় না। ছাত্রলীগের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের একটি প্রচেষ্টা।
নেতারা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বিবৃতিতে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুসহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এসব মামলা প্রত্যাহার, ট্রাইব্যুনালের রাজনৈতিক ব্যবহার বন্ধ এবং আটক রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ছাত্রলীগ জানায়, তারা এ ধরনের বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
