আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে সারা দেশের পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা ও সফলতা কামনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটি পরীক্ষার্থীদের উদ্দেশে জানায়, দীর্ঘ প্রস্তুতির পর জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় আত্মবিশ্বাস ও মনোবল নিয়ে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অর্জিত জ্ঞান ও ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দেখার আহ্বান জানানো হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার উন্নয়নে বিভিন্ন সময়ে গৃহীত উদ্যোগের ফলে দেশের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। পরীক্ষার্থীদের মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগ জানায়, পরীক্ষাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রয়োজনে সংগঠনের প্রতিটি ইউনিট সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে। একই সঙ্গে সঠিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়ে সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করেছেন।
