শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালের রায় বাতিলের দাবিতে ১ জুলাই দেশব্যাপী বিক্ষোভের ডাক ছাত্রলীগের

অবশ্যই পরুন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বঙ্গবন্ধুকন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে এ রায়ের প্রতিবাদে আগামী ১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।


সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের মতো উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব অর্জনের পরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনাকে লক্ষ্য করে বিচারিক প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে বলে দাবি করে ছাত্রলীগ।


সংগঠনটি আরও অভিযোগ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়কে ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করা হয়।


ছাত্রলীগের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সব রায় এবং চলমান বিচারিক কার্যক্রম বাতিল করতে হবে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার এবং রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


ঘোষিত কর্মসূচি সফল করতে দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।


বিবৃতির শেষাংশে ছাত্রলীগ জানায়, তারা গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবে এবং ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানায়।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ