জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী–সমর্থিত সংসদ সদস্য আমির হামজা দাবি করেছেন, খুচরা পয়সার অভাবের কারণে নিম্নমূল্যের সিগারেট বিক্রিতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার (২৯ জুন) বাজেটের ওপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে নিম্নমানের একটি সিগারেটের নির্ধারিত মূল্য ৬ টাকা ২০ পয়সা হলেও বাজারে খুচরা পয়সার সংকটের কারণে ক্রেতাদের অনেক ক্ষেত্রে ৭ টাকা পরিশোধ করতে হচ্ছে। তাঁর দাবি, অতিরিক্ত আদায় হওয়া ৮০ পয়সা সরকারি রাজস্ব হিসেবে জমা হয় না। এই অর্থ রাজস্ব ব্যবস্থার আওতায় আনা গেলে সরকার বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পেতে পারে।
বাজেট প্রসঙ্গে আমির হামজা আরও বলেন, কার্যকর বাস্তবায়ন ছাড়া বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাঁর মতে, ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হতে পারে।
তিনি প্রস্তাব করেন, বাজেটের আকার ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলে সরকারের ঋণনির্ভরতা কমানো সম্ভব হতো এবং প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের চাপও এড়ানো যেত।
বক্তব্যের শেষ দিকে তিনি বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণ ও কর কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে সিগারেট বিক্রিতে খুচরা টাকার সমস্যার কারণে যে রাজস্ব ঘাটতির কথা তিনি তুলে ধরেছেন, তা বিবেচনায় নেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
