ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়া শুরু, প্রথম দিনেই হয়েছে দীর্ঘ লাইন

অবশ্যই পরুন

বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই সেবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সোমবার থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়।

আবেদন গ্রহণের প্রথম দিন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় অনেক আবেদনকারী সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা প্রদান স্থগিত করেছিল। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের আরও কেন্দ্রেও এই সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ