পটুয়াখালীতে বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ১০

অবশ্যই পরুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা, কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকনের দাবি, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তার অভিযোগ, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ