দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আরও ৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহভাজন হামজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৫ জনে।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া নতুন হাম রোগীর সংখ্যা ৪৫ জন। ফলে ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।
তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামের কারণে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।
