গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মক্তবে পড়তে যাওয়া সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দ পাড়া জামে মসজিদের মক্তবে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির হোসেন (২২) ওই মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয় মিলন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মক্তবের ক্লাস শেষে অন্য শিশুদের ছেড়ে দেওয়ার পর মনির হোসেন কৌশলে সাত বছরের শিশুটিকে আটকে রাখেন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শিশুটির চিৎকার ও আচরণ দেখে স্থানীয় লোকজন সন্দেহজনক কিছু টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনকে আটক করেন।
শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মনির হোসেনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। শিশুর পরিবারের সদস্যরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ শিশুটির শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
