সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে উৎক্ষেপণ হওয়া দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গত পাঁচ অর্থবছরে মোট ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। একই সময়ে স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে মোট রাজস্ব আয় হয়েছে ৭৬৪ কোটি ১০ লাখ টাকা।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ৮৪ কোটি ২৫ লাখ, ২০২১-২২ অর্থবছরে ৮৫ কোটি ২৯ লাখ, ২০২৩-২৪ অর্থবছরে ২৯ কোটি ৬৪ লাখ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ কোটি ৩৬ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। তবে ২০২২-২৩ অর্থবছরে হিসাবরক্ষণে অবচয়মূল্য অন্তর্ভুক্ত হওয়ায় ৭৩ কোটি ৫৭ লাখ টাকা লোকসান দেখানো হয়েছিল।
বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার, ডিটিএইচ, ভি-স্যাট সেবা, বিদেশে ব্যান্ডউইথ বিক্রি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা পরিচালিত হচ্ছে।
এদিকে সরকার জানিয়েছে, কৃষি, মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ‘বাংলাদেশ স্যাটেলাইট-২’ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রমও চলছে।
ন্যাশনিক্স/এলকে
