আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় সেনাবাহিনীর কার্যক্রমও শুরু হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলাতেও বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবে।
