বাংলাদেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালিত হচ্ছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে দলটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাকালে দলের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে এটি পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
দলের প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় কারাগারে থাকা তরুণ রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানকে দলের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছিল।
পরবর্তীতে ১৯৫৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৫৫ সালে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় এবং নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটির নাম পরিবর্তন করে বাংলাদেশ আওয়ামী লীগ রাখা হয়।
দলের ইতিহাসে ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। ওই সময় তিনি দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে ১৯৮১ সালে অনুষ্ঠিত কাউন্সিলে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি দলটির নেতৃত্ব দিয়ে আসছেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকে।
ন্যাশনিক্স/এলকে
