রাজধানী ঢাকা ও দেশের আরও পাঁচ জেলায় নির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে সেনাবাহিনীকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় মোতায়েন করা হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় এই মোতায়েন কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করা সম্ভব হবে।
