৯৯৯-এ গুলিবিদ্ধ ব্যক্তির ফোন: ‘আমাকে গুলি করে বাসায় তালাবদ্ধ করে রেখেছে, বাঁচান’

অবশ্যই পরুন

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে গুলিবিদ্ধ এক ব্যক্তির করা ফোনকলের সূত্র ধরে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম।

সোমবার (২২ জুন) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, গত ২১ জুন ৯৯৯ নম্বরে ফোন করে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামের এক ব্যক্তি জানান, তাকে গুলি করে একটি কক্ষে আটকে রাখা হয়েছে। কাতর কণ্ঠে তিনি দ্রুত পুলিশি সহায়তা কামনা করেন এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থানের তথ্য দেন।

ফোনকলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাখাওয়াত। তথ্য পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় জানানো হয়। একই সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম।

খবর পেয়ে শাহ মখদুম থানার এসআই মমতাজউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বাড়িটির পঞ্চম তলায় গিয়ে পুলিশ দেখতে পায়, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ ফয়সালকে কক্ষ থেকে বের করার চেষ্টা করছেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে প্রাথমিক তল্লাশির সময় একটি বিছানার ওপর পিস্তল, ম্যাগাজিন এবং গুলির খোসা দেখতে পায় পুলিশ। পরে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিআইডির ফরেনসিক টিমকে আলামত সংগ্রহের জন্য অবহিত করেন।

সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের একটি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, একটি ব্যবহৃত কার্তুজের খোসা, গানপাউডার, একটি চাকু, হ্যান্ড গ্রেনেড এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদানসহ মোট ২১ ধরনের আলামত উদ্ধার করে।

উদ্ধার হওয়া ফয়সাল ইবনে সেলিম শেখ রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার প্রকৃত কারণ, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ