দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো লক্ষণ নিয়ে ১ হাজার ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৭৩ জন শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।
ন্যাশনিক্স/এলকে
