রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় মো. আবু জুবায়ের নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আবু জুবায়ের রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ এবং বিভিন্ন বিতর্ক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করতেন। ঘটনার দিন রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় তার সঙ্গে থাকা অন্য দুইজন সামান্য আহত হলেও জুবায়ের গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এলাকাবাসী, বন্ধু ও সহপাঠীরা শেষ শ্রদ্ধা জানান। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল অর্জন করেছিলেন এবং শিক্ষক-সহপাঠীদের কাছে মেধাবী ও ভদ্রস্বভাবের শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।
তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করেছেন বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা।
ন্যাশনিক্স/এলকে
