রাষ্ট্রীয় সফরে ভারত গিয়ে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন না করেই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি দিল্লি সফরে গিয়েছিলেন। তবে সেখানে বিমানবন্দরে কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য কিছু সময় অপেক্ষা করতে হয় এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। একপর্যায়ে তিনি সফর বাতিল করে দেশে ফেরার প্রস্তুতি নেন।
পরে ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমতি দিলেও তিনি তা গ্রহণ করেননি বলে জানা গেছে। ব্যক্তিগত মর্যাদা ও প্রটোকল সংক্রান্ত বিবেচনায় তিনি সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
জানা যায়, তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে সফরে গিয়েছিলেন। বিমানবন্দরে নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিষয়ে অতিরিক্ত যাচাই করা হয়েছিল।
এরপর দিল্লি থেকে অন্য রুটে যাত্রা করে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।
ন্যাশনিক্স/এলকে
