পাবনার আতাইকুলা এলাকায় এক স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আবুল কাশেম, যিনি আতাইকুলা এলাকার একটি ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আতাইকুলা থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত আইনে থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে উত্তেজিত কিছু ব্যক্তি অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
অন্যদিকে, অভিযোগের পর সংগঠনটির পক্ষ থেকে আবুল কাশেমকে সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
