জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বিএনপির প্রশাসনিক ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার কুমিল্লায় আয়োজিত একটি ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে। তার দাবি, সাম্প্রতিক সময়ে জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি এবং বর্তমানে দলটি জনসমর্থন হারাচ্ছে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিভিন্ন ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠছে, যা উদ্বেগের বিষয়।
এনসিপির সাংগঠনিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, দলটি নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের স্বার্থে কাজ করার ক্ষেত্রে এনসিপি নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কুমিল্লাকে এনসিপির অন্যতম শক্তিশালী সাংগঠনিক জেলা হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন।
ন্যাশনিক্স/এলকে
