দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় আবারো পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

অবশ্যই পরুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ‘এসবি সুপার ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এর আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। পরে চালক ও সহকারী বাসটি ফেরিতে তোলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র‍্যামে আঘাত করে। এতে র‍্যাম ভেঙে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। চালক ও তার সহকারী বাসের ভেতরে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর প্রশাসন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো যাত্রী নিখোঁজ রয়েছেন বলেও কেউ দাবি করেননি।

পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ