ব্রাহ্মণবাড়িয়ায় ‘দাঁড়িয়ে গেল’ কাটা গাছ, ভিড় মানুষের

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঝড়ে উপড়ে পড়া একটি গাছকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। স্থানীয়দের দাবি, মাটিতে পড়ে থাকা গাছটির ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে একটি ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা বড় আকারের গাছটি শিকড়সহ উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়ারা এর ডালপালা ও বিভিন্ন অংশ কেটে ফেলেন।

স্থানীয়দের ভাষ্য, কাটার কাজ চলার একপর্যায়ে গাছটির অবশিষ্ট অংশ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এরপর থেকেই বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়।

সরেজমিনে দেখা গেছে, গাছটির একটি অংশ এখনও দাঁড়িয়ে রয়েছে। কেটে ফেলা অংশগুলো পাশে পড়ে আছে। গাছটিতে লাল কাপড় বাঁধা হয়েছে এবং চারপাশে বিভিন্ন চিহ্নও দেখা গেছে।

ঘটনার পর থেকে গাছটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। কেউ বিষয়টিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন, আবার কেউ স্বাভাবিক কারণ খুঁজছেন।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এটিকে সৃষ্টিকর্তার বিশেষ নিদর্শন হিসেবে দেখছেন। তবে গাছ কাটার কাজে যুক্ত কাঠুরিয়া আমিন মিয়ার মতে, ডালপালা কেটে ফেলার পর ভারসাম্যের পরিবর্তনের কারণে গাছটি আবার দাঁড়িয়ে যেতে পারে। তার দাবি, এতে অলৌকিক কিছু নেই।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে গাছটি পুনরায় দাঁড়িয়ে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো সামনে আসেনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ