মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমান দিনরাত কাজ করছেন এবং তার নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আস্থা রয়েছে। তিনি আরও বলেন, বিশ্বপর্যায়ে কোনো নেতাকে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হলে তারেক রহমানও সেই পুরস্কার পাওয়ার যোগ্য বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে তিনি তারেক রহমানকে বিশ্বনেতা হিসেবেও উল্লেখ করেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেন।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
শওকতুল ইসলাম শকুর এ বক্তব্য প্রকাশের পর তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ন্যাশনিক্স/এলকে
