ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা অংশ নেন।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় জানাজা শেষে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়া হবে।
সেখানে বাদ জোহর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে নিজ গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং শেষ সময়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
ন্যাশনিক্স/এলকে
