চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাফায়াত উল্লাহ বেগমপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয় বলে ধারণা করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
জেলা জামায়াতের নেতারা জানান, শাফায়াত উল্লাহ দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ন্যাশনিক্স/এলকে
