বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক কর্মসূচি পালন না করে নাচ-গান ও আনন্দ উৎসবে অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির দাবি, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর শোকাবহ দিনে দলীয় কর্মসূচি বর্জন করে তারা নাচ-গানসহ আনন্দ অনুষ্ঠানে অংশ নেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানান, ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
