হামের টিকা সংকট: অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ

অবশ্যই পরুন

হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করার দাবি করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত পাঁচবার চিঠি দেওয়া হয় এবং প্রায় ১০ দফা বৈঠকে টিকা সংকটের বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছিল।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি Rana Flowers।

তিনি বলেন, টিকা কেনার জন্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ছিল। তবে চাহিদা অনুযায়ী টিকা সংগ্রহ না করায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় সরবরাহে বিলম্ব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪৮১ শিশু।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দুই দিন আগে সরকারকে টিকার সংকটের বিষয়টি জানানো হয়েছিল। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেন রানা ফ্লাওয়ার্স। তিনি জানান, দীর্ঘ সময় ধরেই সরকারকে সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করা হচ্ছিল।

তিনি আরও বলেন, অর্থের অভাবে টিকা কেনা সম্ভব হয়নি—এমন দাবি সঠিক নয়। বরং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও পর্যাপ্ত টিকা কেনা হয়নি। এ বিষয়ে তদন্ত হলে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউনিসেফ জানিয়েছে, দেশে প্রতি বছর হামের টিকার চাহিদা প্রায় ৭ কোটি ডোজ। কিন্তু ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এসেছে মাত্র ১ কোটি ৭৮ লাখ ডোজ। একই সঙ্গে পোলিও টিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ