রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বলেন, “আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। আমার মেয়েও আর ফিরে আসবে না।”
তিনি আরও বলেন, এমন ঘটনা কিছুদিন আলোচনায় থাকলেও পরে ধামাচাপা পড়ে যায়। তার ভাষায়, “বড়জোর ১৫ দিন চলবে, তারপর আরেকটা ঘটনা ঘটবে, মানুষ এটাও ভুলে যাবে।”
মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকায় রামিসা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি প্রায় দুই মাস আগে নিহত শিশুর বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা পাশের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। দরজায় নক করার সময় ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতে তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলতে শিশুটির মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয় বলেও জানিয়েছে পুলিশ।
তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
