গাংনীতে ফের বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একের পর এক এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলার চরগোয়াল গ্রামের বাসিন্দা আব্দুল হানিফের বাড়ির মূল ফটকের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়। আব্দুল হানিফ সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমের ভাই।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির সামনে লাল টেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে তদন্ত শুরু করে।
চলতি মাসে গাংনী উপজেলায় একাধিকবার বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও এখনো জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি সত্যিই বোমা কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ৬ মে সকালে গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়া এলাকায় সানোয়ার হোসেন পলাশের বাড়ির সামনে থেকেও চিরকুট মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছিল।
