দেশে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে সারা দেশে হত্যা হয়েছে এক হাজার ১৪২টি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ সময় পাঁচ ধরনের অপরাধে মোট মামলা হয়েছে ১৩ হাজার ২২১টি। গড়ে প্রতিদিন প্রায় ১১০টি মামলা হয়েছে।
পরিসংখ্যান বলছে, চার মাসে হত্যা মামলা হয়েছে ১ হাজার ১৪২টি। এছাড়া দস্যুতার ঘটনায় ৫৯১টি, ডাকাতির ঘটনায় ১৮৪টি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় ৪ হাজার ৯৯টি, অপহরণের ঘটনায় ৩৪৭টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৫ হাজার ৯৯৮টি মামলা হয়েছে।
অপরাধ বিশ্লেষকদের মতে, এলাকায় আধিপত্য বিস্তার, আর্থিক সংকট, সামাজিক অস্থিরতা, পারিবারিক বিরোধ এবং দ্রুত আইনগত পদক্ষেপের অভাবের কারণে অপরাধ বাড়ছে।
সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে আলোচিত কয়েকটি হত্যার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে মো. শফিকুল ইসলাম বলেন, টিটন হত্যা মামলার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ অগ্রগতি করেছে।
এদিকে সর্বশেষ বরিশালে মাছ ব্যবসায়ী বাবু শিকদার হত্যাকাণ্ড, রাজবাড়ীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার এবং গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় জনমনে আতঙ্ক বেড়েছে।
বাহারুল আলম বলেন, বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশও হামলার শিকার হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি, সিসিটিভি নজরদারি, টহল বৃদ্ধি এবং বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এ বিষয়ে ড. উমর ফারুক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় কাঠামোগত পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় অপরাধীরা সক্রিয় থাকার সুযোগ পাচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
