জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

অবশ্যই পরুন

জামালপুরের মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে যান মজনু মিয়া। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের বাবা বাচ্চু মিয়া জানান, সকালে ছেলে ধান কাটতে মাঠে যায়। ঝড়-বৃষ্টির সময় তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফিরে ছেলের মৃত্যুর খবর পান।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, মজনু মিয়া উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সম্ভাবনাময় তরুণ ছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ