রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। সেই সঙ্গে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজারও। ফলে নিত্যপণ্য কিনতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বর্তমানে লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ১০০ টাকা, করলা ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, পেঁপে ১০০ টাকা, পটোল ৮০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গাজর ১২০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
লাউ প্রতি পিস ১০০ টাকা এবং জালি প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানা গেছে।
এদিকে ডিমের বাজারেও বেড়েছে দাম। গত সপ্তাহের তুলনায় ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও দাম ১৫৫ টাকাও নেওয়া হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে ১০০ টাকার নিচে খুব কম সবজি পাওয়া যাচ্ছে। তাদের মতে, বাজারে কার্যকর তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ও সরবরাহের ঘাটতি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।
ন্যাশনিক্স/এলকে
