চুয়াডাঙ্গায় সুবর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ দাফন নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নাচ-গান ও টিকটক করার অভিযোগ তুলে স্থানীয় কিছু ব্যক্তি তার দাফনে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার রাতে ঝিনাইদহের একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে দাফনকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়।
স্থানীয়দের একাংশের দাবি, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ-গান ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তার পরিবারের জীবনযাপন নিয়ে বিভিন্ন অভিযোগও তোলা হয়।
এলাকাবাসীর একটি অংশ জানিয়ে দেয়, স্থানীয় কবরস্থানে তাকে দাফন করতে দেওয়া হবে না। তারা মরদেহ অন্যত্র নেওয়ার দাবি জানায়।
সুবর্ণার সৎ বাবা ইসরাইল হোসেন অভিযোগ করেন, পরিবারের অন্য সদস্যদের দাফনে আগে কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার তাদের কবর খুঁড়তেও বাধা দেওয়া হচ্ছে।
এদিকে মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ দাফনের বিষয়ে সম্মানজনক সমাধানের চেষ্টা চলছে।
ন্যাশনিক্স/এলকে
