স্কুলের জেনারেটর চুরির চেষ্টায় আটক বিএনপি নেতা সহ ৪ জন

অবশ্যই পরুন

প্রতিবেদন:
রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের জেনারেটর চুরির চেষ্টার অভিযোগে রমনা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহব্বত উল্লাহ শাহেদসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় মাঠের একটি অফিসকক্ষে রাখা জেনারেটরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিদ্যুৎ সুবিধার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। সোমবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা মহব্বত উল্লাহ শাহেদ।

এ সময় তারা জেনারেটর কক্ষের দারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে তালা ভেঙে জেনারেটরটি একটি পিকআপে তোলার চেষ্টা করেন। অভিযুক্তদের সঙ্গে থাকা কয়েকজনের হাতে লাঠিসোঁটা থাকায় বিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পিকআপটি ঘিরে ফেলেন এবং জেনারেটর সরিয়ে নিতে বাধা দেন। একপর্যায়ে মহব্বত উল্লাহ শাহেদসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে জেনারেটরটি জব্দ করে এবং আটক চারজনকে থানায় নিয়ে যায়। পরদিন তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হলে বিচারক চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ঘটনার পরদিনই মহব্বত উল্লাহ শাহেদকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

রমনা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে আরও তদন্ত চলছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ