আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর Square Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
বার্ধক্যজনিত কারণে গত কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে চিকিৎসা নেন এবং পরবর্তীতে জামিনে মুক্ত হন।
ন্যাশনিক্স/এলকে
