কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আবদুল লতিফ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ ওই গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে। তিনি ২০২২ সালে আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা-র পক্ষের লোকজনের সঙ্গে সাইফুল মেম্বারের অনুসারীদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেন মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা নিহত হন। ওই মামলায় আসামি ছিলেন আবদুল লতিফ। তিন দিন আগে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন।
পুলিশ জানায়, সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন লতিফের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. মমিরুল হক জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
