অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-কে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। এ জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলেই তাকে চেন্নাইয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার।
জানা যায়, কারিনা কায়সারের আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন এবং তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
