জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার চরকালিকাপুর দুর্গা বাগানবাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা-মা সেখানকার গেটে একটি ছোট মুদি দোকান চালান। শিশুটি মায়ের কাছে খেলতে খেলতে বাগানবাড়ির ভেতরে চলে যায়। আব্দুল খালেক ওই বাগানবাড়িতে কাজ করছিলেন। দুপুরের পর জায়গাটি ফাঁকা থাকায় তিনি শিশুটিকে ফুসলিয়ে রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মানুষের উপস্থিতি টের পেয়ে তিনি শিশুটিকে ছেড়ে দেন।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং মাকে পুরো ঘটনা জানায়। শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতেই আব্দুল খালেককে আটক করে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিশুটির মা বলেন, “আমরা গরিব মানুষ। ছোট মেয়ে স্কুলে যায় না, আমার দোকানের আশেপাশে খেলাধুলা করে। মানুষ যে এত খারাপ হতে পারে তা বুঝতে পারিনি। আমি এর উপযুক্ত বিচার চাই।”
