লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার করইতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। মিলন নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মিলনকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন হাফিজ উল্যাহ মান্টুর ছেলে মোশারফ হোসেন (২৭), ওয়াহেদুন নবী বিপ্লবের ছেলে মেজবাহ উদ্দিন রাতুল (২২), ছানা উল্যাহর ছেলে আবদুল মন্নান (২০) এবং মৃত নুরনবীর ছেলে মো. জিহাদ (২০)।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সরকার পতনের পর মিলন ও তার সহযোগীরা এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল এবং করইতলা বাজারের বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনা করতেন। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মামলার বাদী মো. মোরশেদ বলেন, “দলের নাম ব্যবহার করে নানা অপকর্ম চালানো হচ্ছিল। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।”
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
