খুলনা বিভাগে শিশুদের মধ্যে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ১৫ মার্চ থেকে শনিবার (৯ মে) দুপুর পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৫১ শিশু। একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১৯ জন।
শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়া জেলায়। সেখানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ১২৬ শিশু।
এছাড়া যশোরে ৩৮৪ শিশু, মাগুরায় ৩৭২, খুলনায় ৩৭২, ঝিনাইদহে ১৮৩, মেহেরপুরে ১৭৬, নড়াইলে ১৩৬, সাতক্ষীরায় ১২৭, চুয়াডাঙ্গায় ৯০ এবং বাগেরহাটে ৮৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬১ শিশু। একই সময়ে ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে।
নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে কুষ্টিয়ায় ২৮, খুলনায় ১৫, মাগুরায় ৮, মেহেরপুরে ৭ এবং চুয়াডাঙ্গায় ৩ জন রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
