নড়াইলে মক্তবে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমামকে গণপিটুনি

অবশ্যই পরুন

নড়াইল সদর থানা পুলিশ মক্তবে শিশুদের যৌন হয়রানির অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭)। তিনি উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়।

ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুসারে, আমিনুল ইসলাম ওই মসজিদে ইমামতির পাশাপাশি ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের মক্তবে আরবি পড়াতেন। বাদীর মেয়েসহ কয়েকজন শিশু নিয়মিত সেখানে পড়তে যেত। অভিযোগ উঠেছে, তিনি এসব শিশুদের যৌন নিপীড়ন করতেন।

গত ৫ মে বাদীর শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে জানায়। পরিবার অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে আমিনুল পালানোর চেষ্টা করেন। এ সময় জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি অজয় কুমার কুন্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম অভিযোগ স্বীকার করেছেন। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং শনিবার আদালতে পাঠানো হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ