৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ২ মাস পর কারা মুক্ত

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি কারামুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, কারামুক্ত ইমি। পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

এর আগে গত ৩০ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান ইমি। ওই দিন তার জামিন আবেদন শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে জামিনের আদেশ দেন।

আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

গত ৭ মার্চ শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন শেখ তাসনিম আফরোজ ইমি। সে সময় তার সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ, মামুনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তাকে শাহবাগ থানায় নিয়ে যান।

পরদিন ইমি, আসিফ আহমেদ, মামুনসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ