দোকান ভাড়া নিয়ে বিরোধ, যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অবশ্যই পরুন

যশোরের অভয়নগরে দোকানঘর ভাড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে আনিসুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া নৌবন্দর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত আনিসুর রহমান (৫৫) নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ছিলেন। এছাড়া নওয়াপাড়া বাজারে তার মালিকানাধীন ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল বিপণিবিতান রয়েছে।

পুলিশ জানায়, পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকানঘর ভাড়া নিতে চেয়েছিলেন। তবে আনিসুর রহমান তাকে দোকানঘর ভাড়া দিতে রাজি হননি। এ নিয়ে বিরোধের একপর্যায়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিসুর রহমানের বাড়ির সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ